সিপ্লাস ডেস্ক: অক্টোবরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকের সবধরণের সেবা বন্ধ থাকবে। শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় মূলত রোববার, সোমবার ও মঙ্গলবার কার্যক্রম বন্ধ থাকবে ব্যাংকটির।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকটির ওয়েবসাইটে দেয়া ঘোষণায় বলা হয়, ব্যাংকের গ্রাহক সেবার মানবৃদ্ধি কল্পে কোর সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রমের জন্য ১ অক্টোবর শুক্রবার থেকে ৫ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের সকল শাখা, উপশাখা, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং ও ডেবিট কার্ডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
তবে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ড দিয়ে যথারীতি কেনাকাটা ও অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা মাইক্যাশ সেবা চালু থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে ব্যাংকটি।
গত ১৬ সেপ্টেম্বর এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন দেয়া হয়। এরআগেও প্রযুক্তিগত উন্নয়নের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ব্যাংকটির সেবা কার্যক্রম।

