সিপ্লাস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মুহুরীগঞ্জ বিসিক এলাকায় মালবাহী লরিচাপায় মোশারফ হেসেন (২২), জহিরুল (৪৫) ও সাজু (১৮) নামে তিন পথচারী নিহত হয়েছেন। তাদের তিনজনের বাড়িই জামালপুর জেলায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা বিসিক এলাকায় একটি প্রতিষ্ঠানের শ্রমিক।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিসিক থেকে কাজ শেষ করে একটি প্রতিষ্ঠানের পাঁচজন কর্মী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চারজনকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই দু’জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দু’জন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ঘটনার পর লরিটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন,কারখানায় কাজ শেষে ফেরার বেপরোয়া গতির লরিরচাপায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক লরিটি ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।

