Site icon CPLUSBD.COM

মালয়েশিয়ায় পাচারকালে ১৫ রোহিঙ্গা উদ্ধার, আটক দুই

কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টার সময় ১৫ রোহিঙ্গাকে উদ্ধারসহ দুই দালালকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা বলেন, মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সমুদ্র উপকূলের কাছে ইনানী বড়খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

তাদের মধ্যে আছেন ১০ নারী, চার পুরুষ ও চার মাসের এক শিশু।

আটক ‘দুই দালালের’ পরিচয় বলতে না পারলেও তারা বাংলাদেশি নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

এসআই সিদ্ধার্থ বলেন, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল এই অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ‘কয়েকজন দালাল’ দৌড়ে পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

এসআই সিদ্ধার্থ আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, “আটক দুই দালাল এসব রোহিঙ্গা নাগরিককে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা চালাচ্ছিলেন। এই রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।”

আটক দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এসআই সিদ্ধার্থ।