নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের  সময় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বাহারছড়া শীলখালী ও সদরের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দশজন নারী ও দুজন পুরুষ রয়েছে। তারা সবাই উখিয়ার বালুখালী, জামতলি, শফিউল্লাহ কাটা  রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরের নেতৃত্বে সকালে শীলখালী এলাকা থেকে মালয়েশিয়াগামী ৬  রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়। এছাড়া ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় স্থানীয় ইউপি সদস্য শাহ আলম  মেম্বারের নেতৃত্বে নারীসহ ৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার বলেন, দালালদের মাধ্যমে উপকূলের মহেশখালিয়া পাড়া পয়েন্ট দিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ৬ রোহিঙ্গাকে জড়ো করে ট্রলারে উঠানোর জন্য অপেক্ষামান ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, দালালরা এসব রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য শীলখালী ও দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় জড়ো করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২  রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পের মাঝিদের জিম্মায় পাঠানো হবে।