নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন এখন শঙ্কামুক্ত।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু যুগান্তরকে জানান, শুক্রবার গোলাম মর্তুজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করেন।
প্রাথমিকভাবে মাসল পুল জাতীয় সমস্যার কারণে এই ব্যথা হয়েছে বলে ধারণা করা হয়। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে। রাতে এখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। তার রিপোর্ট স্বাভাবিক আছে। শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।
নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন গোলাম মর্তুজাকে। এরপর শুক্রবার রাত সাড়ে ১০দিকে বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আলিমুজ্জামান সেতু জানান, তাকে সিএমএইচের আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু এখন তিনি শংকামুক্ত আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।
বাবার অসুস্থতার খবর মাশরাফি পেয়েছেন ঢাকাতে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক চেয়েছিলেন শুক্রবার রাতেই আকাশপথে যশোরের উদ্দেশে রওনা হতে। সেটি না হওয়ায় শনিবার মাশরাফির যশোর আসার কথা রয়েছে।
গোলাম মর্তুজার পাশে এই মুহূর্তে আছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা, মামা নাহিদ ও পরিবারের অন্য সদস্যরা।

