Site icon CPLUSBD.COM

মাস্ক পরতে বলায় তরুণকে গুলি করে হত্যা জার্মানিতে

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: মাস্ক পরতে বলেছিলেন ২০ বছর বয়সি এক তরুণ৷ তাই ক্রেতা গুলি করে হত্যা করে তাকে৷ ঘটনার নিন্দা জানিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন আন্দোলনের আড়ালে চরমপন্থার উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা৷

শনিবার জার্মানির পশ্চিমাঞ্চলের ইডার-ওবারস্টাইন শহরের এক গ্যাস স্টেশন সংলগ্ন দোকানে এক ব্যক্তি বিয়ার কিনতে যান৷ কিন্তু মাস্ক না পরায় ২০ বছর বয়সি তরুণ তাকে জানিয়ে দেন, মাস্ক না পরলে বিয়ার দেয়া যাবে না৷ ৪৯ বছর বয়সি ওই ব্যক্তি তখন রেগেমেগে চলে গেলেও আধ ঘণ্টা পর মাস্ক পরে ফিরে আসেন৷ সঙ্গে নিয়ে আসেন লাইসেন্সবিহীন বন্দুক৷ সেই বন্দুক দিয়েই গুলি চালান দোকানের ওই তরুণকে৷

তরুণকে লুটিয়ে পড়তে দেখে ঘটনাস্থল ছেড়ে যান হামলাকারী৷ তবে রবিবার সকালে নিজেই ধরা দিয়ে পুলিশকে জানান, তিনি করোনা-স্বাস্থ্যবিধি মানেন না, তাই মাস্ক পরতে বলায় আর রাগ সামলাতে পারেননি৷

সোমবার ট্রিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, গুলি চালানোর কথা স্বীকার করা ব্যক্তি জার্মান নাগরিক৷ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ খবর: ডয়চে ভেলের।