নিউজটি শেয়ার করুন

মায়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় ছেলেকে হত্যা, ২পরকীয়া প্রেমিকসহ মায়ের যাবজ্জীবন

সিপ্লাস ডেস্ক: বরিশালে ১১ বছরের শিশুসন্তানকে হত্যার দায়ে মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা সবাই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা। দণ্ডপ্রাপ্তরা হলো, নিহত শিশু রনির মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমিন নলি ও শাহীন নলি। এর মধ্যে শাহীন নলি দণ্ডপ্রাপ্ত কনা বেগমের আপন চাচাতো ভাই এবং রুহুল আমিন নলি দণ্ডপ্রাপ্ত শাহীন নলির বন্ধু ও কাজীরহাট একতা ডিগ্রি কলেজের ছাত্র ছিল। রায় ঘোষণার সময় কনা বেগম ও রুহুল আমিন নলি উপস্থিত ছিলেন। রনি মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরচর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

মামলা সূত্রে জানা যায়, কনা বেগমের স্বামী লকিতুল্লাহ দুয়ারি চট্টগ্রামের চাকতাই এলাকায় দিন মজুরের কাজ করতেন। তার অবর্তমানে কনা বেগমের সঙ্গে শাহীন নলির পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার সূত্র ধরে রুহুল আমিন নলির সঙ্গেও অবৈধ সম্পর্ক গড়ে ওঠে কনা বেগমের। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি শাহীন নলি ও রুহুল আমিন নলি পশ্চিম রতনপুর এলাকায়‌ কনা বেগমের বাড়িতে যায় এবং দৈহিক মিলনে লিপ্ত হয়। এ সময়ে কনা বেগমের ছেলে রনি তা দেখে ফেলে এবং তার বাবার কাছে বলে দেওয়ার কথা বলে। তখন ৩ জনই পরস্পর যোগসাজশে রনিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহত রনির বাবা লতিকুল্লাহ দুয়ারী পরের দিন অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার (১২ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।