Site icon CPLUSBD.COM

মিতু হত্যা: জবানবন্দি দিলেন মুছার স্ত্রী পান্না

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার ‘পলাতক’ আসামি কামরুল ইসলাম শিকদার মুছার স্ত্রী পান্না আক্তার আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

সোমবার(৩১মে) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান মো. রেজার কাছে পান্না আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিহত মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের করা হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের ‘সোর্স’ ছিলেন মুছা। মামলার আসামিও তিনি।

এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, “পান্না আক্তার সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাথে তার স্বামী মুছার সম্পৃক্তার বিষয়ে বলেছেন।”

মুছা এখনো ‘পলাতক’ বলে জানান এই পিবিআই কর্মকর্তা; যদিও তার স্ত্রীর দাবি, পাঁচ বছর আগে মিতু হত্যাকাণ্ডের পর তাকে পুলিশ পরিচয়ে ধরে নেওয়া হয়েছিল।

তবে পান্না আক্তার জবানবন্দিতে কী কী বলেছেন, তা জানা যায়নি।

২০১৬ সালের ৫ জুন বন্দরনগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু।