সিপ্লাস প্রতিবেদক: হয়রানি করার কুমানসে মিথ্যা ঘটনা সৃষ্টি ও মিথ্যা তথ্য প্রদানের অপরাধে মো. নুরুল আবছার নামের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) মামলাটি (নম্বর-১২) দায়ের করেন।
মামলার আসামী মো. নুরুল আবছার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার মৃত বদিউল আলমের পুত্র।
মামলার বিবরণীতে জানা যায়, মো. নুরুল আবছার ২০১৯ সালের ২৫ মার্চ চট্টগ্রামের মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে পতেঙ্গা থানার সাবেক ওসি আবুল কাসেম ভূইয়ার পাশাপাশি আরও কয়েকজন পুলিশ সদস্যসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবী, ১৫ লাখ টাকা চাঁদা আদায়, থানায় নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ আনা হয়। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদককে নির্দেশ দেয়।
দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চট্টগ্রামের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। যেখানে পুলিশকে হয়রানি করার কুমানসে মিথ্যা ঘটনা সৃষ্টির লক্ষ্যেই এই অভিযোগ বলে জানানো হয় প্রতিবেদনে।
তদন্তে এসব বিষয় মিথ্যা প্রমাণের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় নুরুল আবছারকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিস্কারের বিষয়টি বেরিয়ে আসে। তদন্ত প্রতিবেদন আমলে এনে গত ২৫ ফেব্রুয়ারি আদালতের আদেশও প্রদান করা হয়।
মো. নুরুল আবছারের মামলাটি ভিত্তিহীন এবং কাল্পনিক সাজানো ঘটনা। পাশাপাশি অসৎ উদ্দেশ্য ও ক্ষতি করার কুমানস শাস্তিযোগ্য অপরাধে দুদকে পক্ষ থেকে তার বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করা হয়।
দুদক চট্টগ্রামে পিপি এডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।








