নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে অপহৃত কিশোরী রামু থেকে উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই থেকে অপহৃত এক কিশোরীকে কক্সবাজারের রামু রাবারবাগান এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৯ মে) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে কিশোরীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাকের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ মে চট্টগ্রাম মিরসরাই পৌরসভার দক্ষিণ তালবাড়িয়া এলাকার এক ব্যক্তির ভিকটিমকে জোরপূর্বকভাবে বিয়ে করার জন্য অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে র‌্যাব-১৫ এর একটি দল ভিকটিমকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক অভিযানে নামে। বিভিন্ন সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রামু রাবারবাগান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, জিজ্ঞাসাবাদে অপহৃত মেয়েটি জানায়, গত ১৩ মে সকাল ১১টার দিকে বই-খাতা কেনার জন্য মিরসরাই বাজারে যাওয়ার পথে অছি মিয়া ব্রিজের ওপর পৌঁছালে বান্দরবান লামার বাইন্নাপাড়া এলাকার শংকর ধরের ছেলে লিটন ধরসহ আরও চারজন বিয়ে করার কথা বলে জোরপূর্বক তাকে কক্সবাজারের রামু রাবারবাগান এলাকায় নিয়ে আসে।

তিনি বলেন, ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক অপহরণকারীদের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রামের মিরসরাই থানায় মামলা দায়ের করেছেন।