মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে নুর মোহাম্মদ (৩৫) প্রকাশ নুরা ডাকাতকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
রবিবার (২১ জুন) রাতে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সে সীতাকুন্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সেকান্দারের পুত্র। সে এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপকর্মে জড়িয়ে পড়েন। এলাকায় তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, রবিবার রাতে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন এলাকার হাসিমনগর গ্রামে অবস্থিত শশুর বাড়ি থেকে নুর মোহাম্মদ প্রকাশ নুরা ডাকাত নামের এক তালিকাভূক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২ টি ডাকাতি, ২ টি চাঁদাবাজি, ১ টি হত্যা এবং ১টি মারামারি সহ ৬ টি মামলা রয়েছে। সে ওই থানার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী বলেও জানান তিনি। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








