Site icon CPLUSBD.COM

মিরসরাই ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে গুলিবিদ্ধ অবস্থায় ফজলুল হক (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফজলুল হক খইয়াছাড় ইউনিয়নের নিজতালুক গ্রামের নুর মোহাম্মদ কেরানী বাড়ির মুকবুল হোসেন প্রকাশ বাদশার ছেলে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে ফজলুল হক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ রোববার সকালে বাড়ির পাশের একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয় লোকজন। ফজলুল হকের শরীরের ডান পাশে ও কানে গুলি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানের চামড়া ঝলসে গেছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

মিরসরাই থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক আমিনুল মুজাহিদ জানান, ফজলুল হক নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কি কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।