নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের ২৩ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে সেনা সরকার

সিপ্লাস ডেস্ক: মিয়ানমারের ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সেনা সরকার। এ ঘোষণা এমন সময় এলো যখন মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির একাধিক সামরিক কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সাধারণ ছুটির দিনে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন।

জেনারেল মিন অং হ্লাইং এক ঘোষণায় বলেন, শন্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমার যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।

মিয়ানমারের ২৩ হাজার ৩১৪ জন এবং বিদেশি ৫৫ জন বন্দির সাজা মওকুফ করা হয়েছে বলে ঘোষণায় জানানো হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। আটক করা হয় অং সান সু চিসহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে। এছাড়াও জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। এ ঘটনার পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশটির সাধারণ জনগণ। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে সাধারণ মানুষের বিক্ষোভে গুলিও চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী।