সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) আর নেই।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) তার মৃত্যু হয় বলে তার কনিষ্ঠ জামাতা প্রদীপ দাশগুপ্ত জানান।
সি আর দত্ত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
বীর উত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৯৩ বছর।
সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, “তিন দিন আগে তিনি বাসায় পড়ে গিয়ে কোমায় চলে যান। এরপর আর তার সংজ্ঞা ফিরল না। তিনি চলে গেলেন আমাদের ছেড়ে।”
গত বৃহস্পতিবার নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান সি আর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।
সি আর দত্তের মরদেহ বাংলাদেশে আনার ইচ্ছার কথাও জানিয়েছেন তার মেয়ে কবিতা দাশ।
চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।








