বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য সবাইকে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। কাদের অবদানে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তা জানতে হবে। মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমরা সর্বোচ্চ সম্মানের স্থানে রাখব। স্বাধীনতাবিরোধী গুটিকয়েক মানুষ ছাড়া দেশবাসীর কাছে মুক্তিযোদ্ধারা চির শ্রদ্ধার-চির বরেণ্য ও প্রণম্য।
মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানকে জাতির শ্রেষ্ঠ সন্তান অভিহিত করে তিনি আরো বলেন, তাঁর মতো সাহসী মানুষদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। কারণ, মুক্তিযুদ্ধ কেবল বাংলাদেশের নয়, সমগ্র বাঙালি জাতির ইতিহাসে একেবারে ব্যতিক্রমী অনন্য পর্ব। এমন বীরত্ব ও আত্মত্যাগের দৃষ্টান্ত জাতি হিসেবে বাঙালির ইতিহাসে আর মিলবে না।
রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সুবিধাবঞ্চিত শিশুদের সম্মানে একদিন’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার ও জবাবদিহিমূলক সংগঠন আমরা করবো জয় (ডাব্লিউএসও)-এর সার্বিক সহযোগিতায় মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক স্মৃতি পাঠাগার আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার(৫ জানুয়ারি) সকালে নগরীর ফিরিঙ্গি বাজারস্থ ‘উপলব্ধি’ কার্যালয়ে আমরা করবো জয়-এর জীবন সদস্য ও জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান কথাসাহিত্যিক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- উপলব্ধির প্রতিষ্ঠাতা শেখ ইজাবুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, উপলব্ধির সেন্টার পরিচালক শেলী রক্ষিত প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে উপলব্ধি’র শিল্পীদের গান, আবৃত্তির পাশাপাশি প্রায় ১ ঘন্টা আবৃত্তি পরিবেশন করেন ভারতের খ্যাতিসম্পন্ন আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি মরহুমের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহিত ধারাবাহিক কর্মসূচির এ আয়োজনে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের সুযোগ্য সন্তান আমরা করবো জয়-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

