নিউজটি শেয়ার করুন

মুজিববর্ষে রাঙ্গুনিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ

মুজিববর্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি)  দিনব্যাপী ‘মুজিব বর্ষে, পল্লী বিদ্যুতের সেবা বর্ষ’-এ শ্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবার মানোন্নয়নের অংশ হিসেবে সমিতির রাঙ্গুনিয়া-২ (লিচুবাগান) উপকেন্দ্রের ৭১ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি ফিডারের (৫ নম্বর ফিডারে ) শতভাগ রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে ।
 সমিতির সকল স্তরের কর্মীরা একযোগে একদিনে এই কাজ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গ্রাহকরা। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জেনারেল ম্যানেজার মোল্লা মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমানের সঞ্চালনায় এই ব্যাপক রক্ষণাবেক্ষণ কাজের সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আজাদী বাজার জোনাল অফিসের ডিজিএম সরওয়ার জাহান, নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল হালিম, ডিজিএম (কারিগরী ) শাহ আলম, রাঙ্গুনিয়া জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জুয়েল দাশ, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শিবু চন্দ প্রমুখ।
রাঙ্গুনিয়া জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জুয়েল দাশ চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে দিনভর এ রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। এই কাজে ৩০ জন প্রকৌশলী, ৫০ জন লাইনম্যান ও ৩২ জন দক্ষ শ্রমিক অংশ নেয় । রক্ষণাবেক্ষণকৃত বৃহৎ এই কাজগুলোর মধ্যে ছিল নষ্ট পোল পরিবর্তন, ক্রস আর্ম পরিবর্তন, নষ্ট তার পরিবর্তন, ট্রান্সফরমার গ্রাউন্ডিং, কানেক্টর স্থাপন, জাম্পারিং বা পরিবর্তন সহ ইত্যাদি কাজ।
ডেপুটি জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমান বলেন, ১০০ জন কর্মী ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে রাঙ্গুনিয়ার ৭১ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি ফিডারের এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে লিচুবাগান, দোভাষী বাজার, বনগ্রাম, ইকোপার্ক, জুমপাড়া সহ বৃহত্তর চন্দ্রঘোনা এলাকার গ্রাহকরা উপকৃত হবেন। রাঙ্গুনিয়ায় ইতিমধ্যেই শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
 এরপরও মুজিববর্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষে ত্রুটিগুলো চিহ্নিত করে একদিনেই এই কাজগুলো ত্রুটিমুক্ত করা হয়েছে। ফলে আসন্ন বর্ষায় ঝড়-বৃষ্টিতে এবং দুর্যোগপূর্ণ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ শতাংশে কমে আসবে।
এতে যেকোনো দুর্যোগের পর বিদ্যুৎ দ্রুত চালু করা সম্ভব হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ খুঁটি ও তার পরিবর্তন, বর্তমান খুঁটির কাছাকাছিতে বিকল্প খুঁটি স্থাপনের কারণে বিদ্যুৎ সঞ্চালন ঝুঁকিমুক্ত করা হয়েছে। জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদ বলেন, রাঙ্গুনিয়ায় সিস্টেম লস ৭ এর নিচে। একদিনেই সমিতির সব কর্মীরা একযোগে এই কাজ করে থাকে। যেটি স্বাভাবিক ভাবে করতে এক মাসের উপরে সময় লেগে যেতো। চট্টগ্রাম পল্লী বিদ্যু সমিতি -২ এই প্রথম মুজিববর্ষ উপলক্ষে ব্যতিক্রমী এই কার্যক্রম চালাচ্ছে। যা ইতিমধ্যেই সারা দেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এই কাজ দেশের অন্যান্য ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য অনুকরণীয় উল্লেখ করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এই কার্যক্রম অনুসরণ করার জন্য বলেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।’ আবদুর রহমান নামের এক গ্রাহক বলেন, ‘পল্লী বিদ্যুতের এ উদ্যোগের কারণে যে কোন দূর্যোগের পর স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ পাব এই আশা রাখি ।