টেকনাফ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে (৩১ জুলাই) কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডে এক লক্ষ গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী।
জাতির পিতার স্মরণে বিশেষ বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুব আলম তালুকদার, কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বক্তব্যে রাখেন। এসময় উপস্থিতি ছিলেন সেনাসদস্যরা।
মূলত “সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই মূলমন্ত্রকে ধারণ করে মেরিন ড্রাইভ সমুদ্রের পাড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ শ্যামল সৈকতে রূপান্তরিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক এই উদ্যোগ গ্রহণ করেন।
রামু সেনানিবাস সূত্রে জানায়, জাতির পিতার জন্মশতার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ও সমুদ্রতীরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের মাননীয প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধানকে মেরিন ড্রাইভ সড়কের দুপাশে অধিক পরিমাণে ঝাউগাছ ও অন্যান্য গাছ লাগানোর নির্দেশ প্রদান করেন এরই অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ১০ পদাতিক ডিভিশন, প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে বাস্তবে রূপ দিতে চলেছে।
এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজার – টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে ১৫ হাজার ফলজ, ১৫ হাজার বনজ, ২০ হাজার ঔষধি ও ৫০ হাজার ঝাউগাছ এর চারা রোপণ করা হবে। শুক্রবার আড়াই গাছের চারা রোপণ করা হয়েছ। পরবর্তী এক মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগস্ট মাসের মধ্যে সকল চারা রোপন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কক্সবাজারের সমুদ্র সৈকতকে সবুজায়ন করার লক্ষে সমুদ্রতীরে ঝাউবাগান করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনায় মেরিন ড্রাইভের সমুদ্রতীরে দুপাশে এই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।








