Site icon CPLUSBD.COM

মৃত্যুর ৬ দিন পর জানা গেল করোনা পজিটিভ, রাঙ্গুনিয়ায় শনাক্ত ১১২

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় গোপাল শীল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ৬ দিন পর জানা গেল তিনি করোনা পজিটিভ।

গত ২২ তারিখ জ্বর-শ্বাসকষ্টসহ শারীরিক নানা অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও নমুনা সংগ্রহ করে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন তিনি।

উপজেলার লালানগর ইউনিয়নের নিজ গ্রামে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাহ করা হয়।

এরপর দীর্ঘ ৬ দিন পর রোববার (২৮ জুন) তার করোনা পজিটিভ এসেছে।

তিনিসহ রাঙ্গুনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জন।

তিনিসহ রোববার দিনও রাঙ্গুনিয়া থেকে আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। বাকী চারজন হোছনাবাদ (৩৬), চন্দ্রঘোনা (৩৮), মরিয়মনগর (৩২) এবং দক্ষিণ রাজানগর (৪৮) ইউনিয়নের পুরুষ।

গত ২২ ও ২৩ জুন পাঠানো ৪০ জনের রিপোর্ট থেকে এই ৫ জনের নমুনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন মো. ফোরকান উদ্দিন সিকদার।

রাঙ্গুনিয়া থেকে এ পর্যন্ত মোট ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রোববার পর্যন্ত ৫৩০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।

রাঙ্গুনিয়ায় মোট করোনা শনাক্ত ১১২ জনের মধ্যে এ পর্যন্ত মোট ৬৬ জন সুস্থ হয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন ৩৭ জন, হাসপাতালে আছেন ৩ জন এবং মারা গেছেন ৬ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র এই তথ্য নিশ্চিত করেন।