নিউজটি শেয়ার করুন

মেজর(অব.) সিনহা হত্যা: মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ফের সময় চাইবে

সিপ্লাস প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার জন্য আবার সময় চাইবে।

রোববার তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান কক্সবাজারে একথা জানান।

এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় সোমবার শেষ হযে যাবে।

রোববার সকালে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে চার সদস্যের তদন্ত কমিটি সভায় মিলিত হয়েছে।

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও সোমবার প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না। অল্প কিছু কাজ এখনও বাকি রয়েছে। মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে এখনও কমিটি কথা বলতে পারেনি।

তাই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে সময় চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে তিনি জানান।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা।

এ ঘটনায় গত ৫ অগাস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরদিন টেকনাফ থানার সাবেক ওসিহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

এই মামলায় প্রদীপ তৃতীয় দফায় র‌্যাবের রিনান্ডে রয়েছেন, যা শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।

সিনহা হত্যার ঘটনা তদন্ত করতে গত ১ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরদিন কমিটি পুনর্গঠন করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করা গঠিত এই কমিটির সদস্যরা হলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শকের (ডিআইজি) একজন প্রতিনিধি এবং সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধি।

তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও ১০ অগাস্ট তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করে। তখন ২৩ অগাস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল কমিটির।

এই মেয়াদে প্রতিবেদন জমা দিতে না পারায় ফের সময় বাড়ানো হয়, যা সোমবার (৩১ অগাস্ট) শেষ হবে।

কমিটিকে সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ ও উৎস অনুসন্ধান করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দিতে বলা হয়েছে।

কমিটি ইতোমধ্যে গণশুনানি নিয়েছে।

এদিকে, রোববার সকালে কক্সবাজারের হিল ডাউন সার্কিট হাউজে চার সদস্যের এই তদন্ত কমিটির সভা শুরু হয়েছে।সন্ধ্যায় সভার কাজ শেষ হবে বলে মিজানুর রহমান জানিয়েছেন।