সিপ্লাস প্রতিবেদক: টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মামলার আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল আব্দুল্লাহ।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এ মামলায় এপিবিএনের অপর দুই সদস্য হলেন, উপ পরিদর্শক শাহজাহান ও কনস্টেবল রাজীব।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।
পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
৫ আগস্ট টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন ওসি প্রদীপসহ সাত আসামি।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ৭ জন। বাকি ৩ জন মামলার সাক্ষী।
গত ১৭ আগস্ট এপিবিএনের ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। ১৮ আগস্ট এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে তাদের ১০ দিনের আবেদন জানালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।








