সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট হিসেবে নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেনের চাকরির মেয়াদ আরও এক বছর বেড়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়।
আগামী ১ অক্টোবর অথবা যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সাজিদ হোসেন ২০০৯ সাল থেকে মেরিন একাডেমির কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ সেপ্টেম্বর তার বর্তমান মেয়াদ শেষ হবে।
এর আগে তিনি, ১৯৯৩-২০০৯ সালে একাডেমির উর্ধ্বতন প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও ডেপুটি কমান্ডেন্ট পদে এবং ১৯৮০-১৯৯৩ পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের সমুদ্রগামী জাহাজে ক্যাডেট থেকে চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন।

