নিউজটি শেয়ার করুন

মেসি, নেইমার, এমবাপেকে নিয়ে গড়া পিএসজির প্রথম হার

এমবাপেকে নিয়ে গড়া পিএসজির প্রথম হার

সিপ্লাস ডেস্ক: পিএসজিতে প্রথমবার হারের তেতো স্বাদ দিলো রেন। নেইমার, মেসি, এমবাপেকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগকে রুখে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে লিগ ওয়ানের দলটি। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আর সমতায় ফেরা হয়নি পিএসজির। হার নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

রোববার সন্ধ্যায় প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে হেরেছে পিএসজি। এ নিয়ে টানা আট জয়ের পর নবম ম্যাচে হারের মুখ দেখলো তারা। তবুও ২৪ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার সবার উপরে রয়েছে তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে পিএসজির উল্লেখযোগ্য আক্রমণ রুখে দেয় রেন। মাঝমাঠের কাছ থেকে ক্ষিপ্র গতিতে ছুটে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। ২৩তম মিনিটে স্বাগতিকদের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মেরে হতাশ করেন নেইমার।

খানিক সময় পরই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আসে সফরকারীদের সামনে। মেসি দারুণ পাসে বল পেয়ে যান এমবাপ। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। কিন্তু কোনাকুনি শটে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন এই ফরাসি ফরোয়ার্ড। ৩১তম মিনিটে ভাগ্যের ফেরে আবারও গোলবঞ্চিত হন মেসি। প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। পিএসজির জার্সিতে এই নিয়ে আর্জেন্টাইন তারকার তিনটি প্রচেষ্টা পোস্ট বা ক্রসবারে লাগল।

বিরতির খানিক আগে গোল করে খেলার মোড় বদলে দেয় রেন। ৪৫তম মিনিটে কামালদিন সুলেমানার বাঁদিক থেকে বাড়ানো ক্রসে ডিফেন্ডার নুনো মেন্দেসের বাধা এড়িয়ে নিখুঁত শটে গোলটি করেন গেইতাঁ লেবর্দি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটে প্রথম আক্রমণেই পিএসজিকে স্তব্ধ করে দেয় রেন। ডান দিক থেকে দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে সতীর্থের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে জোরালো শটে স্কোরলাইন ২-০ করেন ফরাসি মিডফিল্ডার ফ্লেভিয়াঁ তে। দুই গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফেরা হয়নি পিএসজির। লিগের প্রথম হার নিয়ে রেনের মাঠ ছাড়ে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here