চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে আ জ ম নাছির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় সবচেয়ে বেশী খুশি হয়েছে তার পরিবার।বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের মেয়র কার্যালয়ে সিপ্লাসের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মেয়র আ জ ম নাছির বলেন, গত পাঁচ বছর মেয়র থাকাকালীন পরিবার স্ত্রী ছেলে মেয়েকে একেবারেই সময় দিতে পারিনি।এখন মেয়র পদের দ্বায়িত্ব না থাকলে অন্তত কিছুটা সময় পরিবারকে দিতে পারবো।
সিপ্লাস থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল, মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় সবচেয়ে খুশি হয়েছে কারা?
তার উত্তরে আ জ ম নাছির বলেন, সবচেয়ে খুশি আমার পরিবার ও ছেলে-মেয়েরা। আমার এক ছেলে এক মেয়ে তাদের নিয়ে আমারও একটা জগত আছে। আমার মেয়ে কক্সবাজার মেডিক্যাল কলেজে পড়ে, যদিও তদবির করলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পড়াতে পারতাম। কিন্তু আমি তা করিনি।মাঝে মাঝে তার সান্নিধ্য পেতে কক্সবাজারে দেখা করে আসি। কিন্তু মেয়রের দ্বায়িত্বে না থাকলে তাকে আরো একটু বেশী সময় দিতে পারবো।ছেলেকেও সময় দিতে পারবো।
নাছির বলেন, চসিকের মেয়র ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্বসহ আমি আরো বেশ কয়েকটি পদে আছি। ভোর থেকে মধ্যরাত অবধি আমাকে এই সব প্রতিষ্ঠানের কাজেও ব্যস্ত থাকতে হয়।সবসময় মানুষ লেগেই থাকে।নানাকাজে আমার কাছে আসে। মেয়র পদে শুরু থেকেই আমি দিনের কাজ দিনে করার চেষ্টা করেছি। তাই পরিবারকে তাদের মতো করে সময় দিতে পারিনি ।আমার ছেলের এখন পরীক্ষা চলছে। তার সাথেও সময় কাটানো দরকার। এছাড়া সবাই পরিবারকে নিয়ে সময় কাটাতে চায়।
তিনি বলেন, গত পাঁচ বছরে আমাকে যে সহযোগীতা দিয়েছে তার জন্য আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞ। তাদের নিয়ে সময় কাটাতে না পারলেও তারা সবসময় চেয়েছে আমার কাজে যেন কোন রকম সমস্যা না হয়।
মেয়র পদে না থাকলেও জনগণের জন্য ও দলের জন্য তিনি কাজ করে যাবেন বলে জানান আ জ ম নাছির। তিনি বলেন, তবে এখন থেকে কিছুটা বাড়তি সময় অন্তত পরিবারকে দিতে পারবো।

