মেয়র হলে চট্টগ্রামকে ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।
বুধবার নগরীর বহদ্দারহাট হক মার্কেট চত্বরে নির্বাচনী প্রচারণা চলাকালে আয়োজিত পথসমাবেশে এই প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত বলেন, “গণতন্ত্র এখন ধ্বংসের পথে গণতন্ত্রকে রক্ষা করতে খালেদা জিয়ার মুক্তির বার্তা নিয়ে আমি এসেছি ধানের শীষের ভোট চাইতে।”
তবে জয়ের জন্যই ভোটে নেমেছেন দাবি করে তিনি বলেন, “আমি চট্টগ্রামকে সুন্দর ও স্মার্ট নগরীতে পরিণত করতে ভোট যুদ্ধে নেমেছি। ভোট যুদ্ধে জয়ী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব আশা করি।”
নগরীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের প্রতি প্রশাসন ‘বিমাতাসুলভ আচরণ’ করছে বলে অভিযোগ করেন শাহাদাত।
“ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করছি। আমাদের হয়রানি করলে আমরা বসে থাকবো না। প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য থাকব,” হুঁশিয়ারিও দেন তিনি।
এদিন বিএনপির মেয়রাপ্রার্থী কাজী রোড, ইলিয়াছ মেম্বারের বাড়ি, মৌলভী পুকুর পাড়, মির্জারপুল, খতিবের হাট, নাজির পাড়া, হামজারবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুর হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, প্রবীণ বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

