Site icon CPLUSBD.COM

মোগলটুলীর সে ভবনটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

অবৈধভাবে পুকুর ভরাট এবং সিডিএ’র আদেশকে পাশ কাটিয়ে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে নগরীর সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় জানে আলমকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে সিপ্লাসটিভি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেদন প্রকাশ করার পর অবশেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক ২ অক্টোবর (বুধবার) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন।

আদেশে ওই ভবন মালিককে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে।

অভিযুক্ত জানে আলম সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকার আবদুল করিমের ছেলে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক সিপ্লাসকে বলেন, পুকুর ভরাট করে ১৪ তলা ভবন নির্মাণের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।