সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব মোহরা এলাকায় প্রকাশ্য দিন দুপুরে পিটিয়ে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার(১৮ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানায় পূর্ব মোহরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন।
এরআগে শুক্রবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের মোহরা ছাফা মোতালেব কলেজ গেইটে তার ভাই মো. সাইফ উদ্দীনকে ব্যারিকেড দিয়ে গাড়ি থেকে নামিয়ে আসামীরা পিটিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
মামলার আসামীরা হলেন- মো. মহিউদ্দিন, মো. সোলায়মান, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল হাসান, জাহেদ উল্লাহ, মো. সাইফুল্লাহ, মো. সাকেত, মো. টিপু, মো. ইমরান. মো. আরিফ ও মো. আসিফ। আসামীরা সবাই নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে মো. শাহজাহান অভিযোগ করেন, গত ১২ মে তার বাবা মো. মুছা, ভাই মো. সাইফ উদ্দীন ও মো. জালালকে মারধর করে আসামীরা। এ ঘটনায় মো. জালাল বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আসামীরা। জামিনে এসে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। শুক্রবার দুপুরে পূর্ব মোহরার বাড়ি থেকে প্রাইভেট কারে বহদ্দারহাট যাচ্ছিলেন তার ছোট ভাই সাইফ উদ্দীন। ছাফা মোতালেব কলেজ গেইটে পৌঁছালে গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে থাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। এরপর আসামীরা হকস্টিক দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। তাকে বেধড়ক মারধর করতে দেখে লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, জমি নিয়ে পূর্ব বিরোধের ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবককে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা নিয়েছি। ঘটনার পর আসামীরা এলাকা ছেড়ে যাওয়ায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

