Site icon CPLUSBD.COM

মোহরা থেকে ২টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মোহরা থেকে ২টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুল্লাহ হাবিব (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২টি দেশে তৈরি ওয়ান শ্যুটারগান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ হাবিবুল্লাহ হাবিব  পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাফা বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকার বাসিন্দা।

শনিবার(১৯জুন) দিবাগত রাতে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ নাসির উল হাসান খান।

তিনি জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামীকে গ্রেফতার করে।

পরে আসামীর দেহ ও বাসা তল্লাশি করে ২টি দেশিয় পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবত চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামী হাবিব উল্লাহকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।