সিপ্লাস ডেস্ক: লেখালেখি ও নভেল করোনা ভাইরাস সচেতনতায় মানবিক কাজের জন্য লেখিকা শাম্মী তুলতু্লকে শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের পিস অ্যাম্বাসেডর (শান্তির দূত) মনোনীত করা হয়েছে। ময়ূরপঙ্খী ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসেডর কমিটি থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
পিস অ্যাম্বাসেডর মনোনীত হয়ে অনুভূতি ব্যক্ত করে শাম্মী তুলতুল বলেন, “যেকোনো ভালো মানুষ নিঃস্বার্থ ভাবেই কাজ করেন দেশের জন্য, দশের জন্য। আমিও আমার লেখনি শক্তি আর মানবিক কাজ দিয়ে নিঃস্বার্থ ভাবেই এগিয়ে যাচ্ছি। যখন কোন ভালো কাজের মূল্যায়ন হয় নিঃসন্দেহে তা আনন্দের। তাই আমি ময়ূরপঙ্খীর
ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি তার এই সম্মাননা করোনা যোদ্ধাদের উৎসর্গ করে বলেন, “এই সন্মাননা আমি সকল করোনা যোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি দ্রুত যেন এই মহামারী থেকে বিশ্ববাসী পরিত্রাণ পাই। সেই সাথে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে সকল কাজ করি আর অবশ্যই শারীরিক দূরত্ব মেনে চলি। সকল পাঠক ও দেশের মানুষের দোয়ায় যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি।”
তরুণদের উদ্দেশ্যে তুলতুল বলেন, “আমাদের দেশের তরুণদের অনেক দায়িত্ব। নিজ উদ্যোগে সমাজের মানুষের জন্য দেশের তরে মানবিক হয়ে কাজ করে যেতে হবে। পাশাপাশি সমাজের সুশীলদেরও দায়িত্ব তরুণদের সঠিক ভাবে গড়ে তোলা।”
চট্টগ্রামের রাউজানের মেয়ে শাম্মী তুলতুলের জন্ম একটি সাহিত্য- সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে। সাহিত্যের নানা মাধ্যমে লেখালেখি ও সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে তিনি সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনে ভুমিকা রেখে চলেছেন। ২০১৩ সালে ঢাকা বই মেলায় তুলতুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ বের হয়।








