সিপ্লাস প্রতিবেদক: যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থানে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন।
তাদের সকলের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায়।
দুর্ঘটনায় নিহত চার জন হলেন- রাছাম চৌধুরী সাদমান, মো. সৈয়দ, নইম ও জনী। তাদের সাথে থাকা মো. সাহাবুদ্দীন নামে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত সাদমান চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইকবাল চৌধুরীর সন্তানও রয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে প্রাইভেটকারটি শার্শার দিকে আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেনাপোলগামী প্রাইভেটকার ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার আরোহী চারজন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সকলেই চট্টগ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী। আগামী কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকার যোগে গরু কিনতে তারা যশোরের শার্শা উপজেলার দিকে আসছিলেন।

