Site icon CPLUSBD.COM

যাত্রীদের মালামাল চুরি করতো খুলশীর সিএনজি চালক গিয়াস উদ্দিন

সিপ্লাস প্রতিবেদক: মো. গিয়াস উদ্দিন (২৩) পেশায় একজন সিএনজি চালক। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ভাড়ায় সিএনজি চালিয়ে সুযোগ-সুবিধা মতো যাত্রীদের মালামাল চুরি করতে সে। চোরাই মালামাল পরবর্তীতে নিজের আত্মীয়-স্বজনদের মালামাল বলে বিভিন্ন খুচরা দোকানে বিক্রয় করতো। মূলত সে নগরীর রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, খাতুনগঞ্জ, ফিশারীঘাটসহ ব্যস্ততম মার্কেটের সামনে যাত্রীদের জন্য অপেক্ষা করতো। কোনো যাত্রী মূল্যবান মালামাল নিয়ে গাড়ীতে উঠলে সে কখনো কখনো গাড়ী নষ্ট বলে অপেক্ষায় রেখে কৌশলে যাত্রীদের মালামাল চুরি করে লাপাত্তা হয়ে যেতো। অবশেষে এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে সিএনজি চালক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, গত ২০ জুলাই দুপুরে এক যাত্রী থেকে মালামাল চুরি করে গিয়াস। পরবর্তীতে ওই যাত্রী বিষয়টি পুলিশকে জানালে প্রযুক্তির সহায়তায় নগরীর কদমতলী এলাকা হতে গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে, খুলশী থানাধীন এলাকা থেকে চোরাইকৃত মালামাল ও ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। ।

গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন বাহ্মণবাড়িয়ার নাসির নগর থানার দুই নম্বর ইউনিয়নের চতল পাড়ের মো. ফরিদের পুত্র। সে খুলশীর ডেবার পাড়ের আয়েশা মসজিদ এলাকায় মঈনুদ্দিনে কলোনীতে ভাড়া বাসায় থাকতো।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- আদা ২০ কেজি, রশুন ৪০ কেজি, পিয়াজ ১৬৬ কেজি, মশর ডাল ১০০ কেজি, শুকনা মরিচ ৪৮ কেজি, চিংড়ী শুটকী ২০ কেজি।