সিপ্লাস ডেস্ক: মানুষজন সুযোগ পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদ মাহমুদ সুজনকে ‘গতিদানব’ বলে ট্রল করে থাকেন। বিষয়টি নিয়ে ভাবতে চান না সুজন। বাংলাদেশ দলের সাবেক এই অলরাউন্ডার জানালেন, যারা তাকে গতিদানব বলে থাকেন তারা আসলে ক্রিকেটটাই বোঝেন না।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম অতটা ব্যবহার করি না। এদিক থেকে ভালো আছি। আমাকে ‘গতিদানব’ বলা হয় এসব বন্ধুদের কাছ থেকে অনেক শুনেছি। ওদের বলতাম যে, আমাকে জানাবি না এগুলো। যার যেটা মন্তব্য সেটা করবে। এগুলো নিয়ে বলার কিছু নেই। আমি মনে করি, যারা এসব বলে তারা ক্রিকেটটাই কম বোঝে।’
সুজন মনে করেন, কম উচ্চতা নিয়েও তিনি অনেক ভালো বোলিং করেছেন, ‘আমার যে উচ্চতা ছিল, ওই উচ্চতায় বল করে শচিন টেন্ডুলকার, আজাহার উদ্দিনের মতো ব্যাটসম্যানকে আটকে রাখতে পারবেন না। লেগ কাটার ডেভেলপ করতে আমার যে কত কষ্ট করতে হয়েছে তা আমি জানি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে দেখেন ৫.০৫ ইকোনমিতে বল করেছি। বাংলাদেশের জন্য যথেষ্ট উইকেট নিয়েছি। বেশিরভাগ সময় দেখা যেত, লেগ কাটারেই সাকসেসফুল হয়েছি।’
পাকিস্তানের বিপক্ষে খেলা হলে সব সময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকতেন সুজন, এ বিষয়ে তার বক্তব্য, ‘পাকিস্তানের সঙ্গে খেলা আসলেই বাড়তি উত্তেজনা থাকতো। ওদের সঙ্গে হারতে চাইতাম না কোনো সময়। শুধু পাকিস্তান না, বাংলাদেশের কোনো পাড়ার খেলায়ও আমি কোনো সময় হারতে চাইতাম না। তখন পাকিস্তান বড় এবং অভিজ্ঞ দল। আমরা তো একেবারে নতুন। যখন প্রথমবার খেলি ওদের সঙ্গে, মাঠে সব সময় আক্রমণাত্মক থাকার চেষ্টা করতাম। পাকিস্তানের সঙ্গে খেলার সময় বেশির ভাগ সময় এমনটা হতো। এসব টিভিতে দেখা যায়নি।’








