যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কারাগারে ১৫ মাসের বেশি সময় ধরে বন্দি থাকার পর মুক্তি পেলেন রুশ গুপ্তচর মারিয়া বুতিনা।
শুক্রবার মুক্তি দেওয়ার পর শিগগিরই তাকে মস্কোয় ফেরত পাঠানো হবে বলে ধারনা করা হচ্ছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে মারিয়া বুতিনাকে এবছর শুরুর দিকে ১৮ মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।এর আগে গতবছর জুলাই থেকেই তিনি গ্রেপ্তার হয়ে কাস্টডিতে ছিলেন বলে জানিয়েছে সিএনএন।
রুশ নারী ও অস্ত্রঅধিকার কর্মী বুতিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, তিনি রাশিয়ার সরকারি গোয়েন্দা।তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
মারিয়া বুতিনার বাড়ি সাইবেরিয়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। তবে আড়ালে তিনি রাশিয়ার সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বুতিনার কারদণ্ডের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বুতিনা রাশিয়ার গোয়েন্দা বিভাগ থেকে কোনো নির্দেশই পালন করেনি বলে জানিয়েছিলেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ও গত বছর বুতিনাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল।

