নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা: অপেক্ষায় রেখেছে যে ৫ রাজ্য

সিপ্লাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য পাঁচটি রাজ্যের ওপর নির্ভর করছে। এই পাঁচটি রাজ্যের সব ভোট গণনা শেষে জানা যাবে পরবর্তী চার বছরের জন্য কে হতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট, ডনাল্ড ট্রাম্প না জো বাইডেন।

এই রাজ্যগুলো হল জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেইনিয়া, নেভাডা ও আলাস্কা।

এদের মধ্যে চারটি রাজ্যের ভোট গণনায় এগিয়ে আছেন ট্রাম্প আর একটি রাজ্যে বাইডেন। কয়েকটি রাজ্যে দুই প্রার্থীর ব্যবধান সামান্য হওয়ায় ও তুলনায় বেশি ভোট গণনা বাকি থাকায়, সব ভোট গণনা শেষে পরিস্থিতি উল্টে যেতে পারে।

জর্জিয়া

ব্যাটলগ্রান্ড রাজ্য জর্জিয়ায় প্রতিদ্বন্দ্বী বাইডেন থেকে ৩২ হাজার ৮৫৮ ভোটে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যন্ত রাজ্যটির ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে, এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ এবং বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।

আটলান্টা ও আশপাশের এলাকার ভোট গণনা এখনও চলছে।

এখনও এখানে প্রায় দুই লাখ ভোট গণনা বাকি আছে বলে রাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তার বরাতে জানিয়েছে বিবিসি।

নর্থ ক্যারোলাইনা 

দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনায় এখনও তিন লাখ ৪৮ হাজার ভোট গণনা বাকি আছে, যা মোট ভোটের ৬ শতাংশ।

এখানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৭৬ হাজার ৭০১ ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট এবং বাইডেন ৪৮ দশমিক ৭ শতাংশ।

পেনসিলভেইনিয়ায়

অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় বাইডেন থেকে এক লাখ ৬৪ হাজারেও বেশি ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। কিন্তু রাজ্যটির সাত লাখ ৮৪ হাজার ভোট গণনা এখনও বাকি, যা মোট ভোটের ১১ শতাংশ। এ পর্যন্ত ৮৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে, এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ ও বাইডেন ৪৮ দশমিক ১ শতাংশ।

এখানে ডাক যোগে আসা বিপুল পরিমাণ ভোট গণনা এখনও বাকি। এসব ভোট গুণতে সারারাত লেগে যেতে পারে, তাই চূড়ান্ত ফল ঘোষণা করতে দেরি হবে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

নেভাডা

নেভাডায় এখনও তিন লাখ ৯৮ হাজার ভোট গণনা বাকি, যা মোট ভোটের ২৫ শতাংশ। এখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও এখনও ট্রাম্পের চেয়ে সাত হাজার ৬৪৭ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এরমধ্যে বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট ও ট্রাম্প ৪৮ দশমিক ৭ শতাংশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় গণনার ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন রাজ্যটির কর্মকর্তারা।

আলাস্কা

আলাস্কায় ট্রাম্প ৫৪ হাজারেরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে ১ লাখ ৯১ হাজার ভোট গণনা বাকি আছে।

এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট গণনা হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ আর মূল প্রতিদ্বন্দ্বী বাইডেন ৩৩ দশমিক ৫ শতাংশ।