নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের নির্বাচন: ভোট গণনা নিয়ে উত্তেজনা, বিক্ষোভ

সিপ্লাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ভোট গণনা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে ডনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা প্রত্যেকটি ভোট গণনার দাবিতে বিক্ষোভ শুরু করে। সেখানে সহিংসতা দেখা দিলে ন্যাশনাল গার্ডের সদস্যরা হস্তক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের মূল দল থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে শহরের কেন্দ্রস্থলে গিয়ে দোকানের জানালা ভাংচুর শুরু করে। পুলিশ এই ঘটনাকে দাঙ্গা বলে অভিহিত করেছে।

এখান থেকে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি পুলিশ পটকা, হাতুরি ও রাইফেল জব্দ করেছে বলে বার্তা সংস্থা রয়টাসর্ জানিয়েছে।

মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে প্রায় দুই শতাধিক বিক্ষোভকারী প্রধান সড়ক অবরোধ করলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

এই বিক্ষোভকারীরা ট্রাম্প ও তার ভোট গণনা বন্ধ করার আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

শিকাগো, ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কেও একই ধরনের বিক্ষোভ হয়েছে, জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার গভীর রাতে শহরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তারা প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে।

ডেট্রোয়ইটে ট্রাম্পের সমর্থক বিক্ষোভকারীরা একটি ভোট গণনা কেন্দ্রের সামনে এসে গণনা বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা কেন্দ্রটির জানালায়ও আঘাত করেছে বলে জানা গেছে।

গণনা বন্ধ করার দাবিতে আরিজোনার ফিনিক্সেও অল্প কিছু লোক বিক্ষোভ করেছে।