সিপ্লাস ডেস্ক: চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইরাসের প্রার্দুভাবে ইতোমধ্যে দেশটিতে ৭০ হাজারে বেশি মানুষ মারা গেছে। আকান্ত হয়েছেন ১২ লাখ ১২ হাজার ৯৫৫ জন।
তবে, এর থেকে রক্ষা পেতে আমেরিকাজুড়ে চলছে লকডাউন। ইতোমধ্যে লকডাউন খুলতে দেশটির কোনও অঙ্গরাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমে এসেছে দেশটির অনেক নাগরিক। মিশিগান ও ক্যালিফোর্নিয়াতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও লকডাউন তুলে নেওয়ার পক্ষে।
করোনার আতঙ্কের মধ্যে একটি ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, এ মাসে লকডাউন খুলে দেয়া হলে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে দিনে অন্তত তিন হাজার করে মানুষ মারা যাবে ১ জুন থেকে।
সোমবার নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ এক সেমিনারে এ ধরনের আশঙ্কা প্রকাশ করে প্রজেক্টরে তা দেখানো হয়েছে। আর সেটিই ফাঁস হয়ে গেছে।
ফাঁস হওয়া তথ্যানুসারে, ১ জুন থেকে দিনে গড়ে তিন হাজার করে মানুষ যুক্তরাষ্ট্রে মারা যেতে থাকবে কেবল করোনাভাইরাসের কারণে। সেই হিসেবে কেবল জুন মাসেই ৯০ হাজার মানুষ মারা যাবে দেশটিতে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারী বিশেষজ্ঞ জাস্টিন লেজলার মডেলটি তৈরি করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশন (সিডিসি) এ উপস্থাপন করা হয়।
ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, লকডাউন খুলে দিলে দিনে অন্তত দুই লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডেরে বলেন, ফাঁস হওয়া প্রতিবেদনটি কোনও সংস্থা সমর্থন করেনি। আর সেটা হোয়াইট হাউসের নথিও নয়।
তিনি আরও বলেন, করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্যরা এটি তৈরি করেননি এবং তারা এটি মূল্যায়ন করেছে বলেও প্রতীয়মান হয়নি। সূত্র: বিজনেস ইনসাইডার

