Site icon CPLUSBD.COM

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে বলে আশাবাদী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র ফেরত দেবে বলে আশাবাদী বাংলাদেশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকাল মঙ্গলবারের সার্বিক কর্মসূচির ওপর মিডিয়ায় ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টার ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ চৌধুরীকেও ফিরে পাওয়ার আশা করছে ঢাকা।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনব বলে আশা করছি।’

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিএনপি ও তার ঘনিষ্ঠ মিত্র জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশে জনসমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন তারা (বিএনপি-জামায়াত) অসৎ উদ্দেশ্যে বিদেশে অপপ্রচারের পথ বেছে নিয়েছে।

শাহরিয়ার আলম আরও বলেন, বিএনপি-জামায়াতের এ ধরনের প্রচেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে। বর্তমানেও ব্যর্থ হচ্ছে। ভবিষ্যতেও ব্যর্থ হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি-জামায়াত) দাবি মোকাবিলার জন্য আমাদের কাছে অসংখ্য প্রমাণ রয়েছে।’

শাহরিয়ার আলম আরও বলেন, বাংলাদেশ সরকার প্রধানত গণতন্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘের আইন ও নীতিমালার অনুমোদন করছে।

হোটেল লোটে নিউইয়র্ক প্যালেসে আয়োজিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। খবর: বাসস’র।