সিপ্লাস প্রতিবেদক: কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের ৩ জন নতুন মুখসহ ৬ জন যুবনেতা।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
উক্ত ৬ জনের মধ্যে তিনজন যুবলীগের গত কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সিসি মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার সন্তান নিয়াজ মোর্শেদ এলিট।
বর্তমানে দুবাই অবস্থান করা নিয়াজ মোর্শেদ এলিট সিপ্লাসকে জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সিসি মেম্বার হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, কমিটিতে জায়গা দিয়ে দেশের জন্য, দলের জন্য কাজ করার যে সুযোগ তারা দিয়েছেন- তা কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট হবো। বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম শাহিন নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন।
চট্টগ্রামের পটিয়ার সন্তান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ কৃষি ও সমবায় সম্পাদক মীর মো. মহিউদ্দিন নতুন কমিটিতে পেয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদকের পদ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আদিত্য নন্দী নতুন কমিটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও সাতকানিয়া পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু যুবলীগের নতুন কমিটিতে সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
অন্যদিকে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বিভিন্ন জেলা থেকে ওঠে এসেছে নতুন মুখ, সিসি কমিটির সদস্য ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিকও।
নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। পাশাপাশি বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন ৭০ জনের বেশি।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম সিপ্লাসকে বলেন, আমাকে নতুন কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় আওয়ামী লীগ নেতা,ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি চট্টগ্রামসহ সারাদেশের যুবলীগের নেতা কর্মীদের নিয়ে ঐক্যবন্ধ্য করে সংগঠনকে এগিয়ে নেব।
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আবু মুনির মো. শহীদুল হক রাসেল সিপ্লাস কে বলেন, নতুন কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আওয়ামী লীগ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নাসির উদ্দিন মিন্টু বলেন, আমি দেশরত্ন শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও যুবলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।








