মাদক কারবারির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। যে কোন কিছুর বিনিময়ে মাদক নির্মূল চাই। ইয়াবা ও মাদক ব্যবসায়ী যত বড় ক্ষমতাধর হোক না কেন তাকে ছাড় দেওয়া হবেনা। মাদক ব্যবসার আর মাদক সেবনকারী সংখ্যা সমাজে কমাতে হবে, সে ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সমাজের লোকজনকে সচেতন হতে হবে।
কক্সবাজারের উখিয়ায় কমিউনিটি পুলিশিং এর সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এসব কথা বলেন।
বুধবার (১৩ নভেম্বর) বিকালে কোটবাবাজার স্টেশনে সমাবেশে এসপি মাসুদ বলেন, যে কোন কিছুর বিনিময়ে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীকে ভোট দিবেন না, মাদকের বিরুদ্ধে যার অবস্থান তাকে ভোট দেবেন, তাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, তাকে সমাজের দায়িত্ব দেবেন।
‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ‘কমিউনিটি পুলিশিং এ অংশ নিন, অপরাধ দমনে সহায়তা করুন’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার বলেন, আপনারা মাদক ব্যবসায়ীসহ সমাজের অপরাধ কর্মকান্ডে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আর এ ব্যাপারে যদি কেউ হুমকি-ধমকি দেয়, তাহলে অবশ্যই তাকেও ছাড় নেই। থানায় গিয়ে কোন লোক যদি হয়রানীর শিকার হন, তাহলে অভিযোগ দেবেন, সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানায় জিডি করতে পুলিশকে কোন প্রকার টাকা দেবেন না, যদি কেউ টাকা নেয়, তাহলে জানাবেন। পরিশেষে তিনি জনতা পুলিশ ভাই হিসেবে এক সাথে মাদক, ইয়াবা, সন্ত্রাস এবং অপরাধ দমনে সহযোগিতা আহবান জানান।
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে এবং কমিউনিটিরিকভারি এন্ড রেজিলেন্স প্রজেক্ট (ইউএনডিপি) সহযোগিতায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও কালেরকণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, সহকারি পুলিশ সুপার একেএম ইমরানুল হক মারুফ, ওসি মুহাম্মদ আবুল মনসুর, ইয়ুথ ফোরামের সদস্য শীমা বড়ুয়া।
সভায় উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, উখিয়া প্রেসক্লাবে সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, এসআই প্রভাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








