সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন। চলচ্চিত্রে স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের ‘বয়কট’ করা হয়।
তবে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে কাজে ফেরার অনুমতি চেয়েছেন খল অভিনেতা মিশা। চলচ্চিত্রের সংগঠনগুলোও চায় মিশা কাজে ফিরুক। তবে কাজে ফেরার জন্য চার শর্ত দিয়েছে সংগঠনগুলো।
শর্তগুলো হচ্ছে, চলচ্চিত্রের স্বার্থে ১৯ সংগঠনের নীতিমালা মেনে কাজ করতে হবে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করা যাবে না। মিশা সওদাগর যে ১৯ সংগঠনের নীতিমালা মেনে কাজ করছেন, তা শিল্পী সমিতির সকল সদস্যকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে।
এছাড়াও অন্যায়ভাবে শিল্পী সমিতির ভোটাধিকার বঞ্চিত ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার আবার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে।
শর্তগুলো মানলেই আগামী মিটিংয়ে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। এর আগে গত ১৫ জুলাই মিশা সওদাগর ও জায়েদ খানকে বয়কট করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন।
বিএফডিসির জহির কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানে জায়েদ-মিশাকে কেউ আমন্ত্রণ জানাতে পারবেন না এবং তারাও কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এবং তাদের নিয়ে কেউ কোনো চলচ্চিত্র বানালে তাদেরকেও জবাদিহিতা করতে হবে। এছাড়াও সদস্যপদ বাতিলও করা হতে পারে।

