নিউজটি শেয়ার করুন

যে ভূমির জন্য যুদ্ধে গেলেন, জুটলো না সেই ভূমির মাটি

ওমানে দাফন করা হলো মুক্তিযোদ্ধা ইউনুছকে

মীর মাহফুজ আনাম, মাস্কাট (ওমান): দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কর্মস্থল ওমানে চীর শায়িত হলেন চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ঢালাকাটা গ্রামের ছুরানের বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। গতকাল সোমবার ওমানের ইসমাইল থানার আওতাধীন এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় তার পরিবারের সদস্যরা ও ওমানে বসবাসরত স্বজনরা অংশ নেয়।
গত ৮ আগষ্ট মুক্তিযোদ্ধা মো.ইউনুছ ইন্তেকাল করেন। করোনার কারণে লাশ দেশে পাঠানো সম্ভব না হওয়াতে ওমানে লাশ দাফনের সিদ্ধান্ত নেয় ওমানে থাকা তার সন্তানরা। বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকারী মাসুদ করিম দ্রুত কাগজপত্র তৈরী করে দাফন করতে সহযোগিতা করেন। মাসুদ করিম বলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা। জাতীর শ্রেষ্ঠ সন্তান। কিন্তু করোনার কারণে দুর্ভাগ্যবশত যে জন্মভূমির জন্য যুদ্ধ করেছিলেন সেই ভূমিতে শেষ যাত্রা হলো না তার।’
মুক্তিযোদ্ধা ইউনুছের বড় ছেলে, সমাজকর্মী মো.নিজাম উদ্দিন বলেন,’ আমরা পরিবারের সদস্যরা মিলে বাবাকে নিজ হাতে এখানে কবর দিলাম। বাবার কপালে এই দেশের মাটি লিখা ছিল হয়তো। বাবা দেশে চলে যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন। ফ্লাইট স্বাভাবিক হলে দেশে ফেরার কথা ছিল। বাবার ইচ্ছা ছিল তার মা-বাবার পাশে যেন তাকে কবরস্থ করা হয়। তার আশাটুকু পূরণ করতে পারলাম না। করোনা বাধ্য করেছে ওমানে তাকে চীরশায়িত করতে।’
উল্লেখ্য, ফটিকছড়ির এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ ৩৫ বছর কর্মস্থল ওমানে কাটিয়েছেন। শেষে সন্তানদের সাথে স্ত্রী, নাতি-নাতনীদের নিয়ে অবকাশ যাপন করতেন। হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।