যৌতুক আইনে চট্টগ্রাম জেলা প্রশাসনের শিক্ষানবিস নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী ফারজানা খানম রিনি।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে সুত্র জানায়।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত ২৯ জানুয়ারি আসামিকে হাজির হতে সমন জারি করেন।
মামলার বাদী আদালতে অভিযোগ করেন— তার স্বামী যৌতুক বাবদ ৫০ লাখ টাকা, একটি ফ্ল্যাট, একটি নতুন প্রাইভেটকার ও ৩০ ভরি সোনার অলঙ্কার দিতে বলেছেন। যৌতুক চেয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে একাধিকবার নির্যাতনও করেছেন।
বাদীপক্ষের আইনজীবী কাওসার আহম্মেদ জানান, যৌতুক আইনে ভিকটিম মামলা করেছেন। শুনানি শেষে বিচারক বিকেলে আসামির প্রতি সমন জারি করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, রুবেলের স্ত্রী ফারজানা খানম রিনি আমাকে সমস্যার কথা জানিয়েছিল। এটি জানার পর আমি রুবেলকে সব দায়িত্ব থেকে বিরত রেখেছি এবং বলেছি পারিবারিকভাবে বিষয়টির মীমাংসা করতে।
এখন রুবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। আইন অনুসারে যে ব্যবস্থা নেওয়া দরকার আমি রুবেলের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেব। বিষয়টি মন্ত্রণালয়কে আমি লিখিতভাবে জানাব’ বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক।








