লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিরবিলা এলাকায় বৌদ্ধ মন্দির হামলার মূল পরিকল্পনাকারী সেই রকি বড়ুয়া ও তাঁর ক্যাডার বাহিনীর কঠোর শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৪ জুন (রবিবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ অাহমেদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমান, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দীন, চরম্বা ইউপি সদস্য মো: ছৈয়দ হোসেন ও মো: ওসমান হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল মধ্যরাতে যুদ্ধাপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী, তারেক মনোয়ার ও সমমনা কয়েকজনের সঙ্গে রকি বড়ুয়া লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামে তার নিজ বাড়িতে বৈঠক করেন। বেআইনিভাবে সাঈদীকে মুক্তির বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয় বলে জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। গত ১২ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে রকি বড়ুয়াকে তার দেহ রক্ষিতা ও চার সহযোগীকে বিদেশী মদ ও বিদেশী পিস্তলসহ আটক করে র্যাব-৭।

