রাউজান প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানে সড়কের ধারে পাঁচ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করলেন কদলপুরের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার(১০ আগস্ট) সকাল হতে দুপুর পর্যন্ত কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাফেজ বজলুর রহমান সড়কের কদলপুর অংশে এই চারা গাছগুলো রোপন করা হয়।
সকাল হতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এই বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল হক চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, ইউপি সদস্য জয়নাল আবেদীন, আব্দুল করিম, কমল চক্রবর্তী, নাছির উদ্দিন, রাশেদুল আলম, পঙ্কজ ভট্টাচার্য সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এই বৃক্ষ রোপন কর্মসূচী সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানের গণমানুষের নন্দিত নেতা এমবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে হাফেজ বজলুর রহমান সড়কে দুই ধারে আম, জাম, আমলকি, হরতকি, নিমসহ নানান জাতের ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেছি। ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচীতে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা স্বতস্ফুর্তভাবে অংশ নেন। আমাদের এই কর্মসূচী অব্যহত থাকবে। ধাপে ধারে কদলপুরের প্রতিটি সড়কে গাছের চারা রোপন করা হবে।








