নিউজটি শেয়ার করুন

রাউজানের পাঁচখাইন বড় পীর আস্তানায় গাউসুল আজম (রহ.) ওরশ সম্পন্ন

রাউজান প্রতিনিধি: রাউজানে প্রাচীনতর পাঁচখাইন বড় পীর আস্তানা শরীফে গাউসুল আজম সৈয়দ মীর মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী (রঃ) এর বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার বাগোয়ান ইউনিয়নের আস্তানা শরীফ ও পাঁচখাইন মহিউল উলুম এতিমখানা হেফজখানা প্রাঙ্গণে খতমে কুরআন, জিকির -জেয়ারত, কাওয়ালি, ছেমা মাহফিল, পুষ্পার্ঘ্য অর্পণ, তবররুক বিতরণ সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে এই ওরশ শরীফ সম্পন্ন হয়।

পাঁচখাইন মহিউল উলুম এতিমখানা হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি ও মোতয়াল্লী অধ্যাপক আলহাজ্ব হাকিম মাওলানা জামাল উদ্দিন হেজাযীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও ওরশ পরিচালনা কমিটির আহ্বায়ক আরিফুল আলম।

ওরশ পরিচালনা কমিটির সদস্য ছাত্রনেতা জসিম উদ্দিন অভির সঞ্চালনায় ওরশ শরীফে উপস্থিত ছিলেন রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী জসিম উদ্দিন, শাহেদ আলম টিপু, হারুন চৌধুরী, জানে আলম, আলহাজ্ব আইয়ুব চৌধুরী, শওকত বাঙালি, ইউপি সদস্য সেকান্দর হোসেন, আব্দুল খালেক সহ আরো অনেকেই।

এছাড়াও রাউজানসহ আশেপাশের বিভিন্ন উপজেলা হতে হাজার হাজার আশেক-ভক্তবৃন্দ ওরশে উপস্থিত হয়ে সকল মানবজাতির মঙ্গল কামনায় মুনাজাতে সামিল হন। ওরশ উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলা শিশু -কিশোর, তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।