রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার( ১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ফকির শাহ্ কাজি বাড়ির মৃত নুর মোহাম্মদ প্রকাশ বুছিক্কার পুত্র মুহাম্মদ আবদুল জব্বারের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুস ছত্তার জানান, বাড়ির লোকজন স্নানের জন্য পার্শ্ববর্তী পুকুরে অবস্থানকালে রান্নাঘরের চুলা হতে আগুনের সূত্রপাত হয়।
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে স্থানীয়রা অগ্নি নির্বাপনে ঝাপিয়ে পড়েন। আগুনের তীব্রতার কারণে ঘর হতে কোন মালামাল বের করা সম্ভব হয় নি। স্থানীয়দের অপ্রাণ চেষ্টায় ফায়ার সার্ভিস আসার পূর্বে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশেপাশের ১০-১২টি বসতঘর অগ্নিকান্ডের ভয়াবহতা হতে রক্ষা পায়। এর পূর্বেই জব্বারের বাঁশের বেড়া ও টিনের চালা তৈরি চার কক্ষ বিশিষ্ট কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে নগদ টাকা আসবাবপত্র, প্রয়োজনীয় দলিলপত্রাদি পুড়ে ছাই হয়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। ঘটনাস্থলের সন্নিকটে পৌছালে আগুন নিয়ন্ত্রণের নিশ্চিত সংবাদ পেয়ে আমরা স্টেশনে ফিরে আসি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ শুনেছি। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যাব। আমার ব্যক্তিগত পক্ষ হতে কিছু ত্রাণসমাত্রী প্রদান করব।








