Site icon CPLUSBD.COM

রাউজানে কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমান আদালতের হানা; বাল্যবিয়ে পন্ড

রাউজানে কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমান আদালতের হানা; বাল্যবিয়ে পন্ড

গাজী যুবায়ের, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের উৎসব। বরযাত্রীদের অনেকেই ভুঁড়ি ভোজন সেরেছেন। কেউ মেতে উঠেছেন ফটোসেশানে। বর কনের ভোজনের জন্য সাজানো হয়েছে খাবার টেবিল। কমিউনিটি সেন্টার চলছে আনন্দের আমেজ। এমন সময় পুলিশ ও আনসার সহযোগে প্রবেশ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

বাল্য বিয়ের অভিযোগে পন্ড করে বিয়ের অনুষ্ঠান। বর-কনে উভয় পক্ষকে দেওয়া হয় অর্থদন্ড।নিমিষেই বিয়ের উৎসবে নেমে আসে নিস্তব্ধতা।

বর-কনে ও আত্মীয়স্বজনকে বের করে দেওয়া হয় কমিউনিটি সেন্টার হতে। এসময় বর-কনে না খেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

শনিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার সুলতানপুরস্থ একটি কমিউনিটি সেন্টার এমন ঘটনাটি ঘটে। জানা যায়, পৌরসভার আলীখিল গ্রামের মো. সিরাজের ছেলে মো. ইকবালের সাথে পূর্ব গুজরার আধার মানিক গ্রামের সানা উল্লার মেয়ে সামিরা সুলতানার বিয়ের অনুষ্ঠান চলছিল।

এপ্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, গোপন সূত্রে বাল্যবিবাহের কথা জানতে পেরে আমরা বিয়ের অনুষ্ঠানে আসি। কনের পরিবারকে মেয়ের কাগজপত্র (জন্মনিবন্ধন/এনআইডি) দেখাতে বলা হয়। অনেকক্ষণ অপেক্ষার পরও তারা দেখাতে পারেনি। পরে বাল্যবিবাহের অপরাধে দুই বরের পরিবারকে ২০ হাজার ও কনের পরিবারকে ১০ হাজার সহ সর্বমোট ৩০হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, কনে পক্ষ চট্টগ্রামের নোটারী পাবলিক কার্যালয়ের এফিডেভিট দেখায়। যা আমাদের কাছে গ্রহণ যোগ্যতা নেই।