নিউজটি শেয়ার করুন

রাউজানে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীদের স্থান হবে না – ফজলে করিম এমপি

রাউজানে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। কোন ব্যক্তি যদি দলীয় পরিচয়ে এসব করে তাদের শাস্তি বেশী হবে। এদের ব্যাপারে কেউ তদবির করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। রাউজানের শিক্ষার্থীরা পড়ার সময় পড়বে, খেলার সময় খেলবে, কৃষকেরা মাঠে কাজ করবে, ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করবে, প্রত্যেক ধর্মাবলম্বীরা স্ব স্ব ধর্মীয়ানুষ্ঠান পালন করবেন। আমি একজন ইতিবাচক মানুষ। আমি রাউজানের ইতিবাচক পরিবর্তন ঘটাতে চাই। স্বাধীনতা বিরোধী শক্তিরা যতই অপপ্রচার করুক না কেন আমি রাউজানবাসীর কল্যাণে কাজ করে যাব।

বৃহস্পতিবার বিকাল চার টায় উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যথাক্রমে জেলা চ্যাম্পিয়ন (বালক) ও রানার্স আপ (বালিকা) খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন উউপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, রাউজান সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হিরো।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণী রানা। জেলা চ্যাম্পিয়ন দলের (বালক) পক্ষে বক্তব্য রাখেন মো. সদ্দাম হোসেন, বালিকা দলের পক্ষে মোফ্রো মারমা।

সভায় প্রতিটি খেলোয়ারকে ট্রাউজার, বুটসহ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ৫০টি বিদ্যালয়কে ফুটবল বিতরণ করা হয়।

সভা শেষে শিক্ষিকা নাসরিন আক্তারের পরিচালনায় ও শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।