নিউজটি শেয়ার করুন

রাউজানে তিন অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

রাউজান প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশনায় রাউজানে পরিবেশের ছাড়পত্র বিহীন অবৈধ ইট ভাটায় যৌথ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র না থাকার অভিযোগে পৌরসভার ৯ নং ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক সংলগ্ন হাজী মো. লোকমানের মালিকানাধীন জিবিআই (পূর্ব নাম বিবিএম), রাজীব চৌধুরী রাজুর মালিকানাধীন এইট জিরো এইট ও সৈয়দ হোসেন কোম্পানির মালিকানাধিন বিবিসি নামক ইট ভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়।

সোমবার (৪জানুয়ারী) সকাল নয়টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ম্যারাথন অভিযানে যৌথ নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন।

র‌্যাব ৭ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী, চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক জমির উদ্দিন ও সহকারী পরিচালক আফজারুল ইসলাম।

অভিযান পরিচালনাকালে ইট ভাটার মালিকরা দুইমাসের সময় চেয়ে আকুতি-মিনতি করতে থাকেন। তাতে পরিবেশ অধিদপ্তরের মন গলাতে পারে নি ইট ভাটার মালিকরা।

অভিযানে প্রতিটি ইট ভাটায় প্রায় ১০ লক্ষাধিক কাঁচা ইট, ভাটা ও ভাটার চুল্লী গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও প্রতি ভাটায় প্রায় ১৫০ জন শ্রমিক তাৎক্ষণিক বেকার হয়ে যান বলে জানান শ্রমিকরা।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দিন বলেন, যে সকল ইট ভাটায় জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র নেই সে সকল অবৈধ ইট ভাটায় আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।

রাউজানে ৫০ টি ইট ভাটায় একটারও বৈধতা নেই বলে জানান তিনি।