Site icon CPLUSBD.COM

রাউজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে শোবার ও রান্না ঘরে পণ্য মজুদ!

রাউজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য বিক্রি করার লক্ষ্যে শোবার ঘর ও রান্না ঘরে পন্যের মজুদ করে রেখেছিলেন এক ব্যবসায়ী।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে রাউজান পৌর সভার ছিটিয়াপাড়া এলাকায় উজ্জ্বল সরকার নামক এক অসাধু ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। আদালত ব্যবসায়ী উজ্জ্বল সরকারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে মজুদকৃত পণ্য দোকানে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রি করার জন্য নির্দেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত উজ্জ্বল সরকার উপজেলা সদরের মুন্সির ঘাটা বাজারের মা স্টোর’র মালিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকারের সূত্রে জানা গেছে, অসাধু ব্যবসায়ী উজ্জ্বল সরকার অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্যে তার বাড়িতে ৪০টি ৫০ কেজি চাউলের বস্তা, ৫০টি ২৫ কেজি চাউলের বস্তা, ২০ টি ৫০ কেজি চিনির বস্তা ও অতিরিক্ত গুড়ো দুধ মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সরাসরি অভিযান চালিয়ে এই অসাধু ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা পরিস্থিতি নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির আশায় নিত্যপ্রয়োজনী দ্রব্যের মজুদ করে রাখার অপচেষ্টা করছেন। কেউ নিত্যপ্রয়োজনী দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।