রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে সাকিবা আক্তার (৬) ও আনিছা আক্তার (৬) নামের দুই চাচাতো-জেঠাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শমসের নগর এলাকার গাজী পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু সাকিবা ও আনিছা যথাক্রমে এলাকার জানে আলম মনু ও মাহবুব আলমের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, সাকিবা, আনিছা ও হুমাইরা নামে তিন শিশু পুকুরে পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে আনিছা পুকুরে পড়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সাকিবাও পুকুরে পড়ে যায়।
তাদের সাথে থাকা অন্যশিশু হুমাইরা বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা পুকুর হতে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
তবুও পরিবারের সদস্যরা তাদের সেখান হতে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরাও তাদের মৃত ঘোষণা করেন।
তাদের লাশ বাড়িতে নিয়ে আসলে মা ও পরিজনদের গগনবিদারী কান্নায় এলাকায় পরিবেশ ভারী হয়ে উঠে।








